জয়পুরহাটে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময় সভা
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জয়পুরহাটে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় আধুনিক মৎস্য চাষ ও রোগ বালাই দমনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। জেলার প্রান্তিক মৎস্য চাষী ও খামারিদের টেকসই উৎপাদনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দফতরের সিনিয়র সহকারী পরিচালক তারাপ্রদ চৌহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু সাদাত শাহরিয়ার। বক্তারা আধুনিক মৎস্য চাষ প্রক্রিয়া, মাছের বিভিন্ন রোগ বালাই দমন, জলাশয়ের সঠিক যত্ন এবং পানি বিশুদ্ধ রাখার আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় মৎস্য চাষী ও খামারিদের মৎস্য সম্পদ সংরক্ষণে আরও সচেতন হওয়ার এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়। বক্তারা জানান, সঠিক নিয়ম মেনে চাষ করলে মৎস্য উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে।
মতবিনিময় সভায় জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আব্দুল আলিমসহ জেলার শীর্ষস্থানীয় মৎস্য চাষী, মাছের খাদ্য ও একুয়া মেডিসিন বিক্রেতা, হ্যাচারি মালিক এবং মৎস্য খাদ্য উৎপাদনকারীরা উপস্থিত ছিলেন।
১৩০ বার পড়া হয়েছে