কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর নামে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ সিকদারের এই চাঁদাবাজির কারণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভূক্তভোগী পরিবারগুলোর মধ্যে। এই ঘটনায় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর ও দক্ষিণ চরপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত। সম্প্রতি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ শুরু হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী রিয়াজ সিকদার ও তাঁর সহযোগীরা প্রতিটি পরিবারের কাছ থেকে খুঁটি পরিবহনের নামে দুই হাজার টাকা করে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, মিটার সংযোগের জন্য আরও দুই হাজার টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করার জন্য তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। অতিদরিদ্র ও দিনমজুর পরিবারের সদস্যরা জানান, কেউ কানের দুল বা নাকফুল বন্ধক রেখে, আবার কেউ অগ্রিম শ্রমের টাকা নিয়ে এই চাঁদা দিতে বাধ্য হয়েছেন। টাকা দিতে দেরি হওয়ায় এক ব্যক্তির বাড়ি থেকে বিদ্যুতের খুঁটি তুলে নিয়ে যাওয়ার পর রাতে আংশিক টাকা পরিশোধ করায় পুনরায় খুঁটি বসানো হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযুক্ত রিয়াজ সিকদার চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিদ্যুৎ শ্রমিকদের খাবার খরচ বাবদ সামান্য কিছু অর্থ নেওয়া হয়েছে। অন্যদিকে, পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার সুমন জানান, সংগৃহীত অর্থ গ্রাহকদের কাজের সুবিধার্থেই সমন্বয় করা হয়েছে। তবে কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ সাফ জানিয়ে দিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের এমন অপরাধের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আব্দুর রহমান নিশ্চিত করেছেন যে সরকারি এই প্রকল্পে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই এবং অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
১২৩ বার পড়া হয়েছে