নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় শিক্ষার্থী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাতে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অনিক, আকাশ খান ও চান্দি বাবু।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ছয়টার দিকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আইনজীবীর ভাষ্য, ছিনতাইকারীরা সীমান্তের কাছ থেকে ব্যাগ ও মুঠোফোন নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অনিক, আকাশ খান ও চান্দি বাবুকে গ্রেপ্তার করে। মামলার তদন্তের সময় গ্রেপ্তার তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার বিচারকাজে মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত আজ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী নাজিবুল্লাহ বিপু সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে এবং আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত তা কার্যকর হবে।
নিহত সীমান্তের বাবা হাজী আলমও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ছেলের হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি জানান।
১২৯ বার পড়া হয়েছে