জলবায়ুর উষ্ণতারোধে মোংলায় বৃক্ষরোপণ কর্মসূচি, মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বৈশ্বিক উষ্ণতা রোধে মোংলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে মোংলা মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মোংলা নাগরিক সমাজ ও পশুর রিভার ওয়াটারকিপারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সুরক্ষাবলয় গড়ে তুলতে বেশি করে ম্যানগ্রোভ গাছ লাগানোর আহ্বান জানান।
সোমবার সকালে মোংলা মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুর রহমান, পরিবেশকর্মী নাজমুল হক, জানে আলম বাবু ও মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ম্যানগ্রোভ বনায়ন অত্যন্ত জরুরি। ম্যানগ্রোভ বন কেবল ঝড়ের তীব্রতা ও জলোচ্ছ্বাসই কমায় না, বরং নদীভাঙন রোধ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চরম বিপর্যয় থেকে রক্ষা পেতে গাছ লাগানোর বিকল্প নেই। সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক ‘এয়ার কন্ডিশনার’ হিসেবে কাজ করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে মোংলা নাগরিক সমাজ, পশুর রিভার ওয়াটারকিপার এবং আশা-বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক ম্যানগ্রোভ ও ফলদ বৃক্ষরোপণের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
১৮২ বার পড়া হয়েছে