ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে 'কুপ্রস্তাব' ও ব্ল্যাকমেইলের অভিযোগ শিক্ষার্থীর
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফার বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে এক কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত বিএনপি নেতা একে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কলেজছাত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ফরিদপুর শহরে একটি কোচিং সেন্টারে পড়ছেন। গত বৃহস্পতিবার রাতে থানায় দায়ের করা লিখিত অভিযোগে ওই তরুণী জানান, গোলাম মোস্তফা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মুঠোফোনে তাকে ক্রমাগত কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলে আসছিলেন। এর প্রতিবাদ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকি এবং টাকা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করে বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে গোলাম মোস্তফা এলাকায় প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। শুধু ওই তরুণীই নন, নগরকান্দার এক প্রবাসীও ওই বিএনপি নেতার বিরুদ্ধে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। ভুক্তভোগী প্রবাসীর দাবি, রাজনৈতিক ও সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে ভয়ভীতি দেখানোর কারণে তারা এতদিন মুখ খোলার সাহস পাননি।
এর আগেও সৈয়দ নাজমুল আলম পারভেজ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে গোলাম মোস্তফাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। তবে সব অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহলের সাথে বিরোধের জেরে তাকে হয়রানি করতেই এই সাজানো নাটক তৈরি করা হয়েছে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
১০৫ বার পড়া হয়েছে