ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ, অবৈধ ক্লিনিক উচ্ছেদ ও সড়ক সংস্কার কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা তাদের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জেলায় বর্তমানে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে অবৈধ ও লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চলমান মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের অভিযান আরও জোরদার করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত সংস্কার কাজ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মেরামত কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বহুল প্রতিক্ষিত মুক্তাগাছা বাইপাস সড়কের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের তালিকা চূড়ান্ত করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে জেলা কারাগার আধুনিকীকরণ ও শিশু হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চলতি মাসের শেষ সপ্তাহে মহিলা বন্দিদের নতুন ভবনে স্থানান্তর করে কারাগারের পুরাতন অংশের সংস্কার কাজ শুরু হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় বর্তমানে সাতটি বড় উন্নয়ন কাজ চলমান রয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তাঁর সমাপনী বক্তব্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তিনি বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
১০৯ বার পড়া হয়েছে