ময়মনসিংহে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে রাব্বী (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. রাব্বী বেসরকারি একটি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান পরিচালনা করতেন। তিনি ওই এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাব্বী নিজের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে রাব্বী দৌড়ে নিজের দোকানের ভেতরে আশ্রয় নিলেও রক্ষা পাননি। হামলাকারীরা দোকানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রতিবেশীদের সঙ্গে নিহত রাব্বীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার পেছনে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
১২৭ বার পড়া হয়েছে