কুষ্টিয়ার সেই জোড়া লাগা শিশু জয়নব ও উম্মে কুলসুমের বিদায়
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরের বুক ও পেট জোড়া লাগা সেই যমজ কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুম আর নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা। সরকারি খরচে উন্নত চিকিৎসার আলো দেখার আগেই না-ফেরার দেশে চলে গেল এই দুই বোন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামের নাহিদ হাসান ও সানজিদা ইয়াসমিন মুক্তা দম্পতির ঘরে চলতি বছরের ৪ মে জন্ম নিয়েছিল জয়নব ও উম্মে কুলসুম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া এই শিশুরা বুক থেকে পেট পর্যন্ত অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল।
চিকিৎসকরা জানিয়েছিলেন, জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করে স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছিল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের চিকিৎসার দায়িত্ব নেয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নিজেই ফোন করে শিশু দুটির বাবাকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। এরপর গত সোমবার সরকারি উদ্যোগে তাদের তড়িঘড়ি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, হাসপাতালে ভর্তির পর বুধবার দুপুরের দিকে হঠাৎ জয়নব ও উম্মে কুলসুমের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দ্রুত তাদের আইসিইউতে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি। সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৪৪ বার পড়া হয়েছে