মোংলায় মাদকবিরোধী যৌথ অভিযান: ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার বাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও সেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সাজা প্রদান করেন। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর আইনি পদক্ষেপ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
আদালত সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার দিগরাজ, বৈরাগীখালী ও পৌর শহরের রাতারাতি কলোনি এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। অভিযানে জুয়েল সরদার, রাহুল বিশ্বাস এবং লিপন কুমার মন্ডল নামের তিনজনকে মাদকসহ আটক করা হয়। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে পৌর শহরের রাতারাতি কলোনি থেকে ইয়াবাসহ মো. জুয়েল সরদারকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈরাগীখালী এলাকা থেকে গাঁজাসহ আটক রাহুল বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ আটক লিপন কুমার মন্ডলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মোংলা এলাকায় এ ধরনের টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী এ প্রসঙ্গে বলেন, মাদক একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি। তিনি সাধারণ মানুষকেও এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।
৪২০ বার পড়া হয়েছে