Latest

Country

ফরিদপুরে ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় বকেয়া বিল আদায়ের জেরে এক ঠিকাদারকে মারধর করে হাত ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ দাবির এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ঠিকাদার। অন্যদিকে, পৌর কর্মকর্তা এই মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে উল্টো ঠিকাদারের বিরুদ্ধেই হামলার দাবি করেছেন।

আহত ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহর দাবি, সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজের মাধ্যমে ২০২৩ সালে আইইউআইডিপি প্রকল্পের অধীনে তিনটি আরসিসি ঢালাই সড়কের কাজ সম্পন্ন করেন তিনি। বিগত আট মাস ধরে সেই কাজের বিল অনুমোদিত হলেও তা ছাড় করা হচ্ছিল না। বিল ছাড়ের বিনিময়ে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ১৫ শতাংশ ঘুষ দাবি করেন বলে অভিযোগ তার।

হাসিবুল জানান, ঘুষের অংশ হিসেবে ইতিমধ্যে পাঁচ লাখ টাকা পরিশোধ করলেও আরও পাঁচ লাখ টাকার জন্য তাকে হয়রানি করা হচ্ছিল। গত বুধবার (১২ আগস্ট) এ বিষয়ে কথা বলতে পৌর কার্যালয়ে গেলে প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তার সহযোগী মোসলেম উদ্দিন তাকে জিআই পাইপ দিয়ে মারধর করেন। এতে তার হাত ভেঙে যায় বলে তিনি জানান। এই হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তবে ঘুষের বিনিময়ে বিল আটকে রাখার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি জানান, কাজ অসম্পূর্ণ থাকায় পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই বিল আটকানো হয়েছে। এই ক্ষোভ থেকেই ঠিকাদার প্রথমে অফিসে ঢুকে তাদের ওপর হামলা চালায়। মারধর কিংবা হাত ভেঙে দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওয়ানা আফরিন জানান, কাজে অসঙ্গতির কারণে কাজ শেষ না হওয়া পর্যন্ত বিল প্রদান বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে সরকারি কার্যালয়ের ভেতরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন