ফরিদপুরের মধুখালীতে ছাদ থেকে পড়ে ডেকোরেশন কর্মীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে একটি বহুতল ভবনে ডেকোরেশনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে আদিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আদিব মধুখালী উপজেলার ভাটিকান্দি গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে মধুখালী মাছ বাজার সংলগ্ন এলাকায় আবুল কালাম আজাদের তিনতলা ভবনের ওপর ডেকোরেশনের কাজ করছিলেন তিনি।
ভবনের অতিরিক্ত অংশে টিন দিয়ে তৈরি ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত একটি টিনের কোনায় পা পিছলে নিচে পড়ে যান আদিব। এতে তিনি শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে আদিবের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা পাঠানো হয়। অবশেষে বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাফিজার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, এই বেদনাদায়ক মৃত্যুর ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে