নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪.৪ লাখ টাকা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে এক বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। গত পাঁচ বছরে এই অবৈধ গ্যাস ব্যবহারের ফলে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে তিন বাড়ির মালিককে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাসের নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে তিন বাড়ির মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হয়। এর মধ্যে বাড়ির মালিক আওয়াল ভূঁইয়াকে ২ লাখ টাকা, রোসন আক্তারকে ৪০ হাজার টাকা এবং মো. মুসলেম মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমার্জেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকায় বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগের গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে ২ শতাধিক আবাসিক বাড়ির অবৈধ সংযোগ চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং মাটির নিচে থাকা অবৈধ পাইপলাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, বাড়ির মালিকরা কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়া সম্পূর্ণ বেআইনি উপায়ে তিতাসের মূল লাইন থেকে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ নিয়েছিলেন। প্রাথমিক হিসাব মতে, গত ৫ বছর ধরে অবৈধভাবে গ্যাস চুরির কারণে সরকারের রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১০৫ বার পড়া হয়েছে