স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও শরীয়তপুর হাসপাতালে সময়মতো আসছেন না চিকিৎসকেরা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পরও শরীয়তপুর সদর হাসপাতালের চিত্রে কোনো পরিবর্তন আসেনি। নির্ধারিত সময়ে বহির্বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় দূর-দূরান্ত থেকে আসা শত শত সাধারণ রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জেলা সদরের এই প্রধান সরকারি হাসপাতালের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৯টা পার হয়ে গেলেও নির্ধারিত ৬ জন চিকিৎসকের একজনও উপস্থিত ছিলেন না। এদিকে ভোরের আলো ফুটতেই জেলার ছয়টি উপজেলা থেকে আসা প্রায় দুই শতাধিক রোগী ও তাদের স্বজনরা চিকিৎসকের অপেক্ষায় প্রহর গুনছেন।
চিকিৎসা নিতে আসা কাকলি আক্তার ও আনোয়ার হোসেন নামের দুই ভুক্তভোগী অভিযোগ করে জানান, উন্নত চিকিৎসার আশায় খুব ভোরে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলেও দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসকের দেখা মিলছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে অসুস্থ রোগীরা আরও বেশি শারীরিক ও মানসিক কষ্টে ভুগছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে স্বজনরা বিপাকে পড়েছেন।
সম্প্রতি স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায়ের পরিদর্শনে হাসপাতালগুলোতে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শরীয়তপুরের এই প্রধান চিকিৎসাকেন্দ্রে সেই নির্দেশনার কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি, যা জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার মান ও প্রশাসনের তদারকি ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলেছে।
এই চরম অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাওয়া হলে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী জানান, চিকিৎসকদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সকাল ৯টার মধ্যে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হবে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কারণ দর্শানোসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪৪ বার পড়া হয়েছে