Latest

Country

সাংবিধানিক অধিকারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী দিবস উদযাপন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অবদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ থেকে আদিবাসী নেতৃবৃন্দ নিজেদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের ভূমির অধিকারসহ সাত দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

রোববার সকালে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও মানঝি পরিষদের যৌথ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সকাল পৌনে এগারোটার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পারগানার সভাপতি কর্নেলিয়াস মুরমু। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও শিক্ষা উপবৃত্তির মতো মৌলিক সরকারি সুবিধা পেতেও তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।

আদিবাসী অধিকার আন্দোলনের নেতারা স্পষ্ট ভাষায় বলেন, তারা এ দেশেরই নাগরিক এবং দীর্ঘকাল ধরে এখানে বসবাস করছেন। নিজেদের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ পরিচয়ের পরিবর্তে সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি চান তারা। একই সঙ্গে সমতলের আদিবাসীদের জন্য বিশেষ ভূমি কমিশন গঠন ও ঐতিহ্যগত ভূমির অধিকার নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

উক্ত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডাবলু কুমার ঘোষ এবং রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম টুটুল। এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক আদিবাসী নারী-পুরুষ ঐতিহ্যবাহী সাজে ও নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে এই আয়োজনে অংশ নেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন