চারঘাটে ৫ মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিন গ্রেপ্তার
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে পুলিশের এক বিশেষ অভিযানে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিন ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন খবরের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) হৃদয় ও এসআই আব্দুল গনির সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল উপজেলার ইউসুফপুর এলাকায় এ অভিযান চালায়। সেখান থেকেই মৃত গোলাম মজিদের ছেলে শাহাবুদ্দিন ইসলাম সুমনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত শাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাসহ মোট পাঁচটি মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল থানায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
৩৪০ বার পড়া হয়েছে