ময়মনসিংহে ইস্পাহানি এগ্রোর গোডাউনে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের শম্ভুগঞ্জে ইস্পাহানি এগ্রোর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে কোটি টাকার ধান, চাল ও বীজ। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের আলালপুর এলাকায় নিপা রাইস মিলের অভ্যন্তরে অবস্থিত ওই গোডাউনটিতে বুধবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোডাউনে থাকা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী গ্রাস করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা মাত্রাতিরিক্ত হওয়ায় পরবর্তীতে আরও দুটি ইউনিটকে তলব করা হয়। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের টানা ছয় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ ইউনিটের প্রধান মশিউর রহমান জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।
এদিকে ক্ষতিগ্রস্ত গোডাউনের স্বত্বাধিকারী খলিলুর রহমান জানিয়েছেন, আগুনে গোডাউনে মজুত রাখা বিপুল পরিমাণ ধান, চাল, বীজ ও অন্যান্য মূল্যবান খাদ্যসামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে তাদের প্রায় কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
১৬৪ বার পড়া হয়েছে