বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরগুনার ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
বরগুনায় গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনজীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আসাদুজ্জামান আল মামুন বলেন, সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান তিনি।
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
২০২ বার পড়া হয়েছে