বগুড়ায় জমি বিরোধের জেরে সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার সারিয়াকান্দিতে জমি ও গোচারণভূমি সংক্রান্ত বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক নামের এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে হামলার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত মোসলেম উদ্দিন প্রামানিক উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে। দীর্ঘদিন ধরে একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে জমি ও গোচারণভূমি বিক্রি নিয়ে তার বিরোধ চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পাকুড়িয়া বাজার থেকে চা পান শেষে বাড়ি ফিরছিলেন মোসলেম উদ্দিন। পথে নান্টু সরকারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
১৭৭ বার পড়া হয়েছে