ইউএনজিএ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সম্ভাব্য সূচি অনুযায়ী, তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাতে পারেন। সফরকালে জাতিসংঘে ভাষণ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সরকারি ও কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সফরসূচি ও আনুষঙ্গিক কর্মসূচি নির্ধারণে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে, যদিও চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রীর সম্মানে একটি নাগরিক সংবর্ধনারও আয়োজনের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর নাগরিক সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সফর শেষে তিনি সেখান থেকেই দেশে ফিরতে পারেন।
এদিকে জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ, এবারের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভাষণ এবং একই সময়ে একজন বাংলাদেশির অধিবেশন পরিচালনার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশির উপস্থিতি দেশের কূটনৈতিক মর্যাদা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সময়ে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান আরও দৃশ্যমান করতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দলটির যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সময় তারা সাংগঠনিক বিষয়সহ বিভিন্ন দাবি তাঁর কাছে তুলে ধরতে চান।
প্রসঙ্গত, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এর আগে মালয়েশিয়া ও চীন সফর করেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের আগে আপাতত অন্য কোনো রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা নেই।
১৬৬ বার পড়া হয়েছে