Latest

National

আগস্টেও বৃষ্টি-তাপপ্রবাহের পূর্বাভাস, কয়েক অঞ্চলে স্বল্প বন্যা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে প্রায় পুরো মাসজুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টেও আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রণয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় জুলাই মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগস্ট মাসের পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম।

বিশেষজ্ঞ কমিটির পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে ঢাকায় ২৮০ থেকে ৩২০ মিলিমিটার, ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৮০ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮০ থেকে ৫২০ মিলিমিটার, সিলেটে ৪৫০ থেকে ৪৯০ মিলিমিটার, রাজশাহীতে ২৪০ থেকে ২৬০ মিলিমিটার, রংপুরে ৩৫০ থেকে ৩৯০ মিলিমিটার, খুলনায় ২৬০ থেকে ৩০০ মিলিমিটার এবং বরিশালে ৩৮০ থেকে ৪২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এ মাসে দেশে পাঁচ থেকে ছয় দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। মৌসুমি ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়া বিশ্লেষণে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, আগস্ট মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণের সময় ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে। এ আবহাওয়া আমন ধানসহ চলমান কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক গড় ৪৯১ মিলিমিটারের তুলনায় প্রায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি। ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত প্রায় স্বাভাবিক থাকলেও দেশের অন্যান্য সব বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে খুলনা বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে এক হাজার ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৫১ শতাংশ বেশি। এছাড়া সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ, ঢাকায় ৩৩ দশমিক ৪ শতাংশ, রাজশাহীতে ১৩ দশমিক ৬ শতাংশ এবং বরিশালে ১২ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জুলাই মাসে বঙ্গোপসাগরে মোট তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটি নিম্নচাপে পরিণত হয় এবং একটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এসব আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যায়। ৮ জুলাই চট্টগ্রামের আমবাগানে এক দিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

অন্যদিকে জুলাই মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহও বয়ে যায়। মাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুলাই রংপুরে রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা ২১ ও ২২ জুলাই সিলেটে রেকর্ড করা হয়।

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে মৌসুমি আবহাওয়ার প্রভাবে সময়ে সময়েই ভারী বৃষ্টি, বজ্রঝড় ও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন