Latest

National

লোহিত সাগরের নিরাপত্তায় সৌদির নতুন জোট, সদস্য বাংলাদেশও

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। জোটটির লক্ষ্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা জোরদার করা এবং সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি করা।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই জোটের নাম দেওয়া হয়েছে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’। জোটের মাধ্যমে সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া এবং সমন্বিত সামুদ্রিক অভিযান পরিচালনা করবে।

জোটভুক্ত দেশগুলো বলেছে, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে তারা একসঙ্গে কাজ করবে। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই নৌপথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন এই জোটের ঘোষণা দেওয়া হলো। একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার কারণে বাব আল-মান্দেব-লোহিত সাগর-এডেন উপসাগর রুটটি কয়েক দফা ঝুঁকির মুখে পড়েছে।

সৌদি আরব জানিয়েছে, জোট গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। তবে ইইউর নৌ নিরাপত্তা মিশন ‘অ্যাসপিডিস’-এর সঙ্গে নতুন এই জোটের সম্পর্ক বা কার্যক্রমের পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

নতুন জোটের সদস্য দেশগুলো হলো সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস। ভবিষ্যতে প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আরও দেশ এই জোটে যুক্ত হতে পারবে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি আরবের দাবি, এই সামুদ্রিক প্রতিরক্ষা জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠন করা হয়েছে এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি নয়। তবে এখনো কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, বিমান বা সামরিক সরঞ্জাম সরবরাহ করবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন