নাটোরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ, কাঁচামাল ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার শরিফুল হক।
পুলিশ সুপার জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. খোকন মিয়া (২৮) এই চক্রের প্রধান হিসেবে কাজ করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদে খোকন মিয়া জানিয়েছেন, প্রায় এক বছর ধরে তিনি এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “এসকে নিউট্রিশন” ও “অর্গানিক বায়ো কেয়ার সলিউশন” নামে দুটি পেজ ব্যবহার করে অনলাইনে এসব ওষুধ বিক্রি করা হতো। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করতেন তারা।
পুলিশ জানায়, চক্রটি যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের চিকিৎসার নামে প্রায় ৪০ ধরনের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করছিল। এসব ওষুধ বিক্রি করে বছরে আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযানে জব্দ করা ওষুধ ও ওষুধ তৈরির যন্ত্রপাতির আনুমানিক বাজারমূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার অন্য দুই ব্যক্তি হলেন মো. শরিফুল ইসলাম (২৮) ও মো. তারিকুল ইসলাম (২৪)। তাদের সবার বাড়ি নাটোর সদর এলাকায়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
১৭৬ বার পড়া হয়েছে
