৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ এবং প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে সরকার মাঠ ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আগে অনেক খালি জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এখন সরকারের নির্দেশনা হলো, খালি জায়গাগুলোতে খেলার মাঠ তৈরি করা। এ জন্য প্রতিটি ইউনিয়নে প্রায় ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ সংসদ সদস্যকে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকেরা এ বিষয়ে কার্যক্রম শুরু করেছেন।
তিনি জানান, সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণের লক্ষ্য রয়েছে।
এ ছাড়া সবার জন্য সাঁতার শেখার সুযোগ তৈরি করতে ২২টি জেলার বিদ্যমান সুইমিংপুল দ্রুত সংস্কার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্টেডিয়ামটি সংস্কারের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
ক্রীড়াকে শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান আমিনুল হক। তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রমে আগামী দিনে ‘নতুন কুড়ি’ স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। শিক্ষাব্যবস্থায় এমন পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের মূল্যায়নে খেলাধুলার গুরুত্ব বাড়ে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুর রহমান রাকিবসহ অনেকে।
১৭১ বার পড়া হয়েছে