ময়মনসিংহে সুরে সুরে মাতাল দর্শক: ঐতিহ্যবাহী বাউল গানের আসর 'ভাব তরঙ্গ' অনুষ্ঠিত
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে লোকসংস্কৃতির অমূল্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শুরু হয়েছে বিশেষ বাউল গানের আসর 'ভাব তরঙ্গ'। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আয়োজিত এই নান্দনিক অনুষ্ঠানটিতে প্রথম পর্বে পরিবেশিত হয় আধ্যাত্মিক সাধক লালন সাঁইয়ের অমর বাণী। শেকড় সন্ধানী এই সুরের মূর্ছনা স্থানীয় শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে গত শুক্রবার এক জমকালো সন্ধ্যায় এই সংগীত আসরের সূচনা হয়। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে এই মহতি উদ্যোগের মূল লক্ষ্য হলো বাঙালি সংস্কৃতির আদি ও খাঁটি রূপটিকে সবার সামনে তুলে ধরা। আয়োজকেরা জানান, এখন থেকে নিয়মিত বিরতিতে এই আসরটি অনুষ্ঠিত হবে, যেখানে প্রতি পর্বে আলাদা আলাদা সাধকের গান পরিবেশন করা হবে।
উদ্বোধনী এই পর্বটি উৎসর্গ করা হয়েছিল লালন শাহের আধ্যাত্মিক দর্শনের প্রতি। লালন ফকিরের জনপ্রিয় ও ভাবগম্ভীর গানগুলো গেয়ে শোনান প্রখ্যাত বাউল শিল্পী স্বদেশ তালুকদার, বাউল নূর ইসলাম মিয়া, বাউল মো: দুলাল সরকার, বাউল দুলাল নাগ এবং বাউল গোপাল চন্দ্র কর। তাঁদের দরদভরা কণ্ঠ আর আধ্যাত্মিক বাণী উপস্থিত শ্রোতাদের বিমোহিত করে রাখে।
অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের চমৎকার মেলবন্ধন পরিবেশনাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। হারমোনিয়ামে স্বদেশ তালুকদার, ঢোলে শিপন বর্মন, দোতরায় বিপ্লব সরকার এবং মন্দিরায় গোপিনাথের যুগলবন্দি সুরের এক মোহময় পরিবেশ সৃষ্টি করে। প্রতিটি গানের শেষে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বাউল সাধনার গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলা হলো আধ্যাত্মিক সাধকদের পুণ্যভূমি। যুগ যুগ ধরে এই সাধকেরা মানবতার গান গেয়েছেন, যা আমাদের অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয়। বর্তমানের বাণিজ্যিক সংগীতের ভিড়ে আমাদের এই চিরন্তন লোকজ সুরগুলোকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। আর সেই উদ্দেশ্য থেকেই ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠানের পথচলা শুরু হলো।
২৬১ বার পড়া হয়েছে
