হারলে নাচতে হবে : প্রতিশ্রুতি রক্ষায় থ্রিপিস পরে নাচলেন ব্রাজিল ভক্ত!
বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক ঘটনা ঘটেছে। প্রিয় দল ব্রাজিল হেরে গেলে মেয়েদের থ্রিপিস পরে নাচবেন—এমন এক অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করলেন স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ চলাকালীন সময়ে তাঁর এই অভিনব নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ আলোড়ন তৈরি করেছে।
পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের সদর রোডের একটি ক্লিনিকে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি দেখানো হচ্ছিল। সেখানে মঙ্গলবার রাত ১০টার দিকে খেলা চলাকালীন হঠাৎ ভিন্ন এক আমেজের সৃষ্টি হয়। উপস্থিত দর্শকদের অবাক করে দিয়ে লাল-সবুজ রঙের মেয়েদের থ্রিপিস পরে নাচ শুরু করেন কন্টেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে গত ৫ জুলাই ব্রাজিল ও নরওয়ের মধ্যকার একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচকে কেন্দ্র করে মিন্টু মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, ওই ম্যাচে যদি ব্রাজিল হেরে যায়, তবে পরবর্তীতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচে তিনি থ্রিপিস পরে নৃত্য পরিবেশন করবেন।
খেলায় ব্রাজিলের পরাজয়ের পর নিজের দেওয়া সেই অদ্ভুত প্রতিশ্রুতি রক্ষা করলেন এই ব্রাজিল ভক্ত। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ চলাকালীন সময়ে তিনি সদলবলে এসে তাঁর নৃত্য পরিবেশন করেন এবং তা সামাজিক মাধ্যমে নিজের ওয়ালে শেয়ার করেন।
এই অভিনব নাচের দৃশ্য দেখে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা দারুণ আনন্দিত হন। দর্শক ও উপস্থিত সাধারণ মানুষ পুরো ঘটনাটি অত্যন্ত উপভোগ করেন। এ বিষয়ে মিন্টু মিয়া জানান, বর্তমান সমাজে অনেকেই কথা দিয়ে তা রক্ষা করেন না। তবে তিনি নিজের কথার মর্যাদা ও প্রতিশ্রুতি রক্ষা করতেই এমন মজার কাণ্ডটি করেছেন।
১৭৭ বার পড়া হয়েছে