কলাপাড়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মধ্যে ঋণ, সঞ্চয় প্রণোদনার চেক ও গাছের চারা বিতরণ করে।
আজ সকাল থেকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাজী হুমায়ূন সিকদার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম এবং কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ফোরকান তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রান্তিক কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। কৃষিভিত্তিক উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং ডিজিটাল সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিআরডিবির আওতাধীন সফল উপকারভোগীদের মধ্যে ঋণ ও কিশোরী সদস্যদের সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সফল সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
১৭৭ বার পড়া হয়েছে