মুন্সীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও টেকসই অর্থনীতির ওপর গুরুত্বারোপ করা হয়।
আজ (সোমবার, ০৬ জুলাই) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট) চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুন্সীগঞ্জের প্রতিনিধি জনাব বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নত ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
১৯৪ বার পড়া হয়েছে