Latest

Country

কীর্তনখোলা নদীতে ঐতিহ্যবাহী পর্যটন নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে নদীকেন্দ্রিক পর্যটন বিকাশের লক্ষ্য নিয়ে ঐতিহ্যবাহী কাঠের তৈরি বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পর্যটনের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা।

বরিশালের কীর্তনখোলা নদীতে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী কাঠের তৈরি বিলাসবহুল পর্যটন নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’। নদীভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যেই বেসরকারি উদ্যোগে এ নৌ-তরী চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার নৌ-তরীতে ভ্রমণের মাধ্যমে এর উদ্বোধন করেন।

তিনি বলেন, সরকার পর্যটন খাতকে আরও জনপ্রিয় করতে ‘একটি গ্রাম একটি পণ্য’ উদ্যোগের আদলে ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বরিশাল ও ঝালকাঠির মৃৎশিল্প, পাটি শিল্প এবং অন্যান্য ঐতিহ্যবাহী সংস্কৃতিকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান এবং বরিশাল-ভোলার নদ-নদীকেন্দ্রিক পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ‘কুইন অব উলানিয়া’ সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি উল্লেখযোগ্য উদ্যোগ। ভবিষ্যতে আরও বেসরকারি বিনিয়োগ এ খাতে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নৌ-তরীটির স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী জানান, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়। পরে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ২০২৬ সালের ১৪ এপ্রিল এটি চলাচলের উপযোগী করা হয়।

তিনি বলেন, নৌ-তরীটির অভ্যন্তরের প্রায় সবকিছুই কাঠ ও বাঁশ দিয়ে তৈরি, যা দেশের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতির প্রতিফলন। পর্যটনের পাশাপাশি চিকিৎসা ক্যাম্প, চক্ষু ও কিডনি ক্যাম্প পরিচালনা এবং দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজেও এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। তিনি বলেন, এই নৌ-তরীর মাধ্যমে শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের সুযোগ রয়েছে।

উদ্বোধন শেষে সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের নিয়ে ‘কুইন অব উলানিয়া’ কীর্তনখোলা নদীতে একটি প্রমোদভ্রমণ সম্পন্ন করে বরিশাল নদীবন্দরে ফিরে আসে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন