Latest

Sports

ক্রিকেটার নাঈমকে হেনস্তা ও মারধরের অভিযোগ: ৩ পুলিশ প্রত্যাহার, বিসিবির উদ্বেগ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসানকে মারধর, হেনস্তা এবং জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত এক উপপরিদর্শক (এসআই) ও দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সকালে নাঈম হাসানের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোহেলকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ও নাঈম হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে শুক্রবার রাতে বিমানযোগে চট্টগ্রামে ফেরেন নাঈম। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখানবাজার এলাকায় সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি ও পুলিশ সদস্য তার গাড়ি থামান।

নাঈম হাসানের অভিযোগ, পরিচয়পত্র দেখিয়ে নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে গাড়ি থেকে নামিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

ঘটনার বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট তিন সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তদন্তের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, একটি চোরাচালান সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে অভিযানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা অপ্রত্যাশিত আচরণের ক্ষেত্রে পুলিশ বিভাগের পক্ষ থেকে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

এদিকে ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিসিবি আরও জানায়, নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

অন্যদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বর্তমানে নাঈম হাসান চিকিৎসা শেষে নিজ বাসায় অবস্থান করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন