Latest

Country

রাজশাহীর চারঘাট ও বাঘায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর সীমান্তবর্তী চারঘাট ও বাঘা উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও গ্রেপ্তার অব্যাহত থাকলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালী সিন্ডিকেটের মূল সদস্যরা অনেক ক্ষেত্রে আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে।

সীমান্ত এলাকায় বসবাসকারী কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা নদী ও সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকা ব্যবহার করে চোরাকারবারীরা ফেনসিডিল, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করায়। পরে এসব মাদক চারঘাট ও বাঘার বিভিন্ন স্থানে মজুদ করে স্থানীয় পর্যায়ে বিক্রির পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, চারঘাট ও বাঘা উপজেলায় বিপুল সংখ্যক মাদক কারবারি সক্রিয় রয়েছে। অভিযোগ অনুযায়ী, অনেক ক্ষেত্রে মূল নিয়ন্ত্রকরা সরাসরি মাঠে না থেকে সহযোগীদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। ফলে অভিযানে মাঠপর্যায়ের সদস্যরা আটক হলেও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চারঘাট উপজেলার রাওথা, পিরোজপুর, গোপালপুর, মোক্তারপুর, গৌরশহড়পুর, ইউসুফপুর, টাঙ্গন, ঝিকরা, শলুয়া, হলিদাগাছী স্টেশন, নন্দনগাছী স্টেশন ও পুঠিয়ামারী এলাকাকে অনেকে মাদকপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করছেন। একইভাবে বাঘা উপজেলার মীরগঞ্জ, পালপাড়া, ভানুকর, হাবিবুরের মোড়, আতারপাড়া, হরিরামপুর, আলাইপুর, কেশরপুর ও পানিকামরা এলাকাতেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসার অর্থে কিছু ব্যক্তি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। বিকেলের পর বিভিন্ন স্থানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে সন্দেহভাজন ক্রেতা ও মাদকসেবীদের আনাগোনা দেখা যায় বলেও অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা।

সচেতন নাগরিকদের মতে, রাজনৈতিক ও সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে কিছু চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, শুধুমাত্র মাঠপর্যায়ের অভিযান নয়, বরং পুরো সিন্ডিকেট ভেঙে দিতে গোয়েন্দা নজরদারি ও সমন্বিত পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন।

তবে স্থানীয় পর্যায়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিযানে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি মাদক সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি মাদকের বিস্তার রোধে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন