কলাপাড়ায় খাস জমিতে রাস্তা নির্মাণে বাধা, ইউএনও বরাবর লিখিত অভিযোগ ১৮ পরিবারের
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংগুড়িয়া এলাকার খেপুপাড়া মৌজায় সরকারি খাস জমিতে চলাচলের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮টি ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, খেপুপাড়া মৌজার জে.এল নং-০৬ এর বি.এস খতিয়ান নং ১/১ এবং দাগ নং ৪০২৭-এর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে ওই জমিটি স্থানীয় ১৮টি পরিবারের যাতায়াতের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, নিজস্ব অর্থায়নে মূল সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ৪০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালের ৩০ এপ্রিল তারা ইউএনও বরাবর আবেদন করলে বিষয়টি তদন্তের জন্য স্থানীয় তহসিলদারের কাছে পাঠানো হয়। পরে তহসিলদার ওই স্থানে রাস্তা নির্মাণে কোনো বাধা নেই বলে প্রতিবেদন দেন এবং সীমানাও নির্ধারণ করে দেন।
তবে সম্প্রতি রাস্তা নির্মাণ কাজ শুরু করতে গেলে একটি পক্ষ জোরপূর্বক বাধা সৃষ্টি করে এবং জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এর আগে ২০২৩ সালের ২৮ মার্চ জেলা প্রশাসকের কাছেও একই বিষয়ে আবেদন করা হয়েছিল। পরে সহকারী কমিশনার (ভূমি) ওই খাস জমিতে লাল নিশান টানিয়ে সরকারি সীমানা চিহ্নিত করেন। এরপরও একটি চক্র তা উপেক্ষা করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীরা ইউএনওর সরেজমিন হস্তক্ষেপ কামনা করে দ্রুত রাস্তা নির্মাণের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, সরকারি খাস জমিতে সাধারণ মানুষের চলাচলের পথ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে ভুক্তভোগী পরিবারগুলোর যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা নির্মাণে সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
২১৩ বার পড়া হয়েছে