Latest

Country

খুলনা জিরো পয়েন্টের চারটি আইল্যান্ডে বাগান বিলাস ফুল রোপণের উদ্যোগ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীর অন্যতম প্রধান প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ ট্রাফিক ইন্টারসেকশন জিরো পয়েন্টের চারটি আইল্যান্ড বাগান বিলাস (বোগেনভেলিয়া) ফুলে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ।

ঈদুল আজহার আগেই আইল্যান্ডগুলোতে বিভিন্ন প্রজাতির বাগান বিলাস ফুলের গাছ রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং পথচারী ও যাত্রীদের আকৃষ্ট করার লক্ষ্য নেওয়া হয়েছে।

খুলনা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে জিরো পয়েন্ট খুলনা মহানগরীর একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং প্রধান ট্রাফিক সংযোগস্থল। এখানে চারটি গুরুত্বপূর্ণ মহাসড়ক—সিটি বাইপাস মহাসড়ক, খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক, খুলনা-ফুলতলা মহাসড়ক এবং রূপসা সেতুর এপ্রোচ মহাসড়ক—একত্রিত হয়েছে। প্রতিদিন এই সংযোগ সড়কগুলো দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে, ফলে এখানে যাত্রী ও পথচারীদের সমাগমও বেশি থাকে।

পরিকল্পনা অনুযায়ী, এই চারটি মহাসড়কের সংযোগস্থলের চারটি আইল্যান্ডে মোট ১০০টি বাগান বিলাস গাছ রোপণ করা হবে, প্রতিটি আইল্যান্ডে ২৫টি করে গাছ। এ কাজে প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ জিরো পয়েন্টকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলবে এবং খুলনার সৌন্দর্যপিপাসুদের জন্য এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, সরকারের বৃক্ষরোপণ মহাপরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যশোরের উন্নতমানের নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির বাগান বিলাস ফুলের চারা সংগ্রহ করা হবে এবং ঈদের আগেই সেগুলো রোপণ করা হবে। বর্ষা মৌসুমে জিরো পয়েন্ট এলাকা রঙিন হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জিরো পয়েন্টে যানবাহন চলাচল সহজীকরণ, যানজট নিরসন, যান চলাচলে শৃঙ্খলা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রেখে গোলচত্বর আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করার জন্য ইতিপূর্বে ইন্টারসেকশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। খুলনার জিরো পয়েন্ট এবং পাইকগাছার জিরো পয়েন্টে ইতোমধ্যে আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে গোলচত্বর আরও উন্নত ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

খুলনা সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী সাগর সৈকত মণ্ডল বলেন, সড়ক বিভাগের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এর অংশ হিসেবেই জিরো পয়েন্টের আইল্যান্ডে বাগান বিলাস গাছ রোপণ করা হবে। ইতোমধ্যে ময়লাপোতা থেকে ১৮ মাইল পর্যন্ত সড়ক সংস্কার এবং বেতগ্রাম থেকে কয়রা পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কের বাঁক সরলীকরণসহ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই উদ্যোগের ফলে জিরো পয়েন্টের সংযোগস্থলে রঙিন ফুলের সমারোহ দেখা যাবে। এটি শুধু একটি ট্রাফিক জংশন থাকবে না, বরং একটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বারে পরিণত হবে। শিগগিরই প্রকল্পটি দৃশ্যমান হবে এবং খুলনার সৌন্দর্যপিপাসু মানুষ জিরো পয়েন্ট গোলচত্বরের সৌন্দর্য উপভোগ করতে পারবে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন