Latest

National

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৩ মে, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি এখনো ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত সার্বভৌমত্বের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক বজায় রাখে। ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় তাদের নিজস্ব ব্যাপার।

তিনি আরও বলেন, ভারত যদি তাদের নিজস্ব সীমার মধ্যে এবং নো-ম্যানস ল্যান্ড অক্ষুণ্ন রেখে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, তাহলে বিষয়টি দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে আলোচনা হবে। তবে এ বিষয়ে এখনো বাস্তব কোনো পদক্ষেপ বাংলাদেশ দেখেনি বলে জানান তিনি।

ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে সাম্প্রদায়িক প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিভিন্ন প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহাসড়কের গর্ত দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ফেরি ও লঞ্চে যাত্রী এবং কোরবানির পশু পরিবহনের সময় যাতে কোনো ধরনের হয়রানি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন