Latest

Country

সিলেট বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই, বিকাশ কর্মীসহ ৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ১০ মে, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় বিকাশের কর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— দক্ষিণ সুরমার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।

গ্রেপ্তারদের মধ্যে শাহেদ আহমদ (৪২) বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) ডিএসও হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে তিনি তার কর্মীদের মাধ্যমে ফেঞ্চুগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের জন্য ৮১ লাখ ৮২ হাজার টাকা প্রাইভেটকারে করে পাঠান।

পরবর্তীতে দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় ওই টাকাবাহী গাড়ি থেকে ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাই হয় বলে অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে লালমাটিয়া এলাকায় পৌঁছালে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল টাকাবাহী গাড়িটিকে থামার সংকেত দেয়। গাড়ির চালক গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের ভয়ভীতি ও হুমকি দেয়। এ সময় একজনকে মারধর করে পাঁচটি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় তারা।

এসএমপির ফেসবুক পোস্টে আরও বলা হয়, অভিযোগ রয়েছে— গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ঝুঁকি সম্পর্কে জানার পরও গাড়ির গতি কমিয়ে ডাকাতির সুযোগ তৈরি করেন। পাশাপাশি টাকাবাহী গাড়ির নিরাপত্তায় থাকা স্কর্ট সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) ঘটনার সময় গাড়ির সঙ্গে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ডাকাতদের সঙ্গে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সরবরাহের মাধ্যমে এ ডাকাতির ঘটনায় বিকাশের কিছু কর্মী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ সন্দেহভাজন ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন