Latest

Country

আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ বগুড়ায়

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বগুড়ায় কার্গো সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। পরে সম্ভাব্য অবকাঠামোগত উন্নয়ন, রানওয়ে সম্প্রসারণ, কার্গো সুবিধা চালু এবং আধুনিক টার্মিনাল নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বগুড়াকে উত্তরাঞ্চলের একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হবে। প্রস্তাবিত প্রকল্পে আন্তর্জাতিক মানের কার্গো পরিবহন ব্যবস্থা, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, বিমান রক্ষণাবেক্ষণ সুবিধা এবং আধুনিক নেভিগেশন প্রযুক্তি সংযোজনের সম্ভাবনা রয়েছে।

পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, উত্তরবঙ্গের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষিপণ্য রপ্তানি এবং শিল্প খাতের বিকাশে একটি আন্তর্জাতিক বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বগুড়ার ভৌগোলিক অবস্থান, উন্নত সড়ক যোগাযোগ এবং আঞ্চলিক সম্ভাবনার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, “বগুড়াকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ এগিয়ে চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে বলে আশা করছি।”

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিমানবন্দর উন্নয়ন পরিকল্পনায় প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। আধুনিক এভিয়েশন সুবিধা নিশ্চিত করতে সম্ভাব্য সব বিষয় পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, সরকারের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষি ও শিল্পপণ্য দ্রুত রপ্তানির সুযোগ তৈরি হবে।

বিশেষ করে বগুড়ার কৃষিপণ্য, সবজি, আলু ও খাদ্যপণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে কার্গো সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পর্যটন ও শিক্ষা খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের দাবি ছিল বগুড়ায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া উত্তরবঙ্গের পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশপথ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা স্থানীয়দের।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন