Latest

Country

বাউফলে জমি বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর, অন্তঃসত্ত্বা নারীসহ পরিবার আতঙ্কে

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া এলাকায় পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

ভুক্তভোগী বিউটি বেগম (৪৫) বাউফল থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, একই এলাকার রাসেল, রুবেল কাজী, আলম কাজী, রহিম কাজী, মাসুম, নাজমা বেগম, সুমা বেগম ও নাইম দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে আগেও একাধিকবার গাছ কাটা, জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা একত্রিত হয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং টিন খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি জমিতে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালানো হয়। এছাড়া পুকুরের মাছ লুট ও বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে।

বিউটি বেগম আরও অভিযোগ করেন, হামলার সময় তিনি বাধা দিতে গেলে দা, ছেনা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয় হামলাকারীরা। একপর্যায়ে টেটা নিক্ষেপের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি। পাশাপাশি পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি এবং অন্তঃসত্ত্বা নারীসহ সবাইকে হত্যার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। সর্বশেষ ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানিয়েছেন তারা। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়রা।

হামলার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রুবেল কাজী ও তার পক্ষের লোকজন জানান, বিরোধপূর্ণ জমিতে হানিফদের ঘর নির্মাণকে কেন্দ্র করেই সমস্যা তৈরি হয়েছে। তাদের দাবি, জমি মাপার কথা বলায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে ঘরে হামলা বা ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের ফাঁসানোর উদ্দেশ্যে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুর ইসলাম বলেন, বিষয়টি জানা গেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন