Latest

Country

কুয়াকাটায় রাখাইন পরিবারের ৫০ কোটি টাকার জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের সদস্য বোচান তার পূর্বপুরুষদের মালিকানাধীন প্রায় ২১ একর ৬৬ শতক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেছেন, প্রভাবশালী একটি মহল জমির প্রকৃতি পরিবর্তন করে তা বেহাত করার চেষ্টা করছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বোচান।

লিখিত বক্তব্যে তিনি জানান, সংশ্লিষ্ট জমিগুলো সিএস, আরএস ও এসএ রেকর্ডে তার পূর্বপুরুষদের নামে অন্তর্ভুক্ত রয়েছে। জমির অবস্থান লতাচাপলী মৌজার এসএ ৭৫৭ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগে। তবে সম্প্রতি একটি চক্র ওই জমিতে বাউন্ডারি দেয়ার কাজ শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে প্রতিকার চেয়ে বোচান গত বছরের নভেম্বর মাসে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৪১৭/২০২৪)। মামলায় আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান আসামি করে মোট ৮৭ জনকে বিবাদী করা হয়েছে।

বোচানের অভিযোগ, বর্তমানে কিছু ব্যক্তি জমির শ্রেণি পরিবর্তনের কাজ চালিয়ে যাচ্ছে, যা আইনবিরোধী। তিনি জানান, জমিটির বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৫০ কোটি টাকা।

তিনি আরও দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে তাদের জমি দখলের চেষ্টা জোরদার হয়েছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। জমি উদ্ধারে মহিপুর থানা পুলিশের সহায়তা চাইলেও কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলেও অভিযোগ করেন তিনি।

কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া রাখাইন পল্লীর বাসিন্দা বোচান প্রশাসনের কাছে তার পূর্বপুরুষদের সম্পত্তি রক্ষায় দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন