Latest

Country

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ ঘোষণা

আব্দুস সাত্তার, নড়াইল 
আব্দুস সাত্তার, নড়াইল 

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের তুলারামপুরে তেল না দেওয়ায় ট্রাকচালকের হামলায় এক পেট্রোল পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় জেলায় অবস্থিত সকল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি।

রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিট্রু এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, তুলারামপুরের মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিহাদ মোল্যা (২৭), একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলারামপুরের মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকার কারণে ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এ নিয়ে ট্রাক চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে ট্রাক চালক নাহিদকে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেল যোগে পাম্প থেকে নিজ গ্রাম পেড়লীর দিকে যাচ্ছিলেন। পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে গেলে ট্রাক চালক তাদের পেছন থেকে ট্রাক চাপা দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং গুরুতর আহত জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বাকবিতণ্ডার পরও ট্রাক চালক পাম্পে অবস্থান করছিলেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ এবং জিহাদ মোটরসাইকেল যোগে পাম্প থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকটি দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী জানিয়েছেন, নিহত নাহিদের মরদেহ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ট্রাক চালক ও ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন