Latest

National

নির্বাচন সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এরপর একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত থাকবেন।

সভাগুলোর আলোচ্যসূচিতে রয়েছে- নির্বাচনের আগের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি অনুযায়ী সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সভা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্ট হলরুমে সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন। সেখানে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার ও যৌথ বাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ইসি সূত্র জানায়, রোববারের বৈঠকগুলোতে স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান ছাড়াও আইজিপি, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ‘আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ পরিপত্র’ জারি করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে কেন্দ্রভিত্তিক বাহিনী মোতায়েন, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, যান চলাচল নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন নিষেধাজ্ঞা এবং প্রচারণা বিধিনিষেধসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ব্রিফিং করবে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অন্যদিকে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল ও নিষ্পত্তির সময়সূচিতে সামান্য সংশোধন এনেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয়েছে, আর আপিল নিষ্পত্তির সময় বাড়ানো হয়েছে দুই দিন। তফসিলের অন্যান্য দিনক্ষণ অপরিবর্তিত রয়েছে।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন