Latest

Country

হাতিয়ার পুকুরে ঘুরে বেড়াচ্ছে কুমির, এলাকায় ভীতি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন পুকুরে একটি কুমির ঘোরাফেরা করছে—এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে এই কুমিরটিকে একাধিক পুকুরে দেখা গেছে। বিশাল আকৃতির এ কুমির কোথা থেকে এসেছে, তা নিয়ে গ্রামজুড়ে চাঞ্চল্যের সাথে ভীতিরও সৃষ্টি করেছে।

জানা গেছে, হাতিয়ার আজমারদোনা খাল সংলগ্ন একটি গ্রামে প্রথম কুমিরটির দেখা মেলে। ওই খাল মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত হওয়ায় ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক জোয়ার ও প্রবল বর্ষণের সময় মেঘনা থেকে কুমিরটি খাল হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তবে এটি মিঠা পানির কুমির, না কি লবণ পানির, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউ।

সর্বশেষ গতকাল বুধবার বিকেলে কুমিরটিকে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুদুল ইসলাম ওরফে শরীফের বাড়ির পুকুরে দেখা যায়। তাঁর ভাষ্য, “প্রথম তিন দিন আগে আমাদের পাশের বাড়ির লাকড়ি রাখার ঘরে কুমিরটি দেখা যায়। ধাওয়া করলে এটি পাশের পুকুরে চলে যায়। পরে তা আমাদের পুকুরে আসে এবং গতকাল পর্যন্ত ঘুরে বেড়াতে দেখা গেছে।”

স্থানীয়রা জানান, কুমিরটির পিঠ হলদেটে ও খাঁজকাটা। লম্বায় প্রায় চার থেকে পাঁচ হাত। এ ঘটনায় কৌতূহলী মানুষ টর্চলাইট নিয়ে পুকুরে কুমির দেখতে ভিড় করছেন, যদিও বৃহস্পতিবার সকালে কেউ সেটির দেখা পাননি।

এদিকে, খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে রওনা হয়েছে। নোয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ-উজ-জামান জানান, “বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা আল আমীন গাজীসহ আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কুমিরটি পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হবে।”

এখনো পর্যন্ত কুমিরটি পুকুরেই রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগও রয়েছে।

৪৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন